ভেতরের খবর নিউজ ডেক্স: রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিন দেন।
এর আগে দুপুরে হাতিরঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেলে সিএমএম আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয় এবং পরে নয়তলায় এজলাসে নেওয়া হয়।
জামিন শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা বক্তব্য দেন। বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত জামিন মঞ্জুর করেন। শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রিয়া মনি। তিনি বলেন, “হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত।”
উল্লেখ্য, গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, পারিবারিক বিরোধের জেরে ২১ জুন হাতিরঝিল এলাকায় এক বাসায় ডেকে রিয়া মনি ও তাঁর পরিবারকে গালিগালাজ ও লাঠিপেটা করা হয়। পাশাপাশি দেড় ভরি স্বর্ণের হার চুরির অভিযোগও তোলেন তিনি।
১২ নভেম্বর হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আজ তাকে গ্রেপ্তার করা হয়।
@ইয়াসমিন রিমা


