ভেতরের খবর নিউজ ডেক্স: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার কার্যক্রম চলছে। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাইব্যুনালে রায় পাঠ শুরু হয়।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, ৪৫৩ পৃষ্ঠার রায়টি ছয়টি পৃথক অংশে বিভক্ত। বিচারপতিরা ধারাবাহিকভাবে রায়ের অংশগুলো পাঠ করছেন।
এর আগে দুপুর থেকে ট্রাইব্যুনাল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ট্রাইব্যুনালের বাইরে বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা শেখ হাসিনার ফাঁসির দাবিতে অবস্থান নেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় সরাসরি রায় দেখার আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। টিএসসিতেও শেখ হাসিনার শাস্তির দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
এ ছাড়া ধানমন্ডির ৩২ নম্বর এলাকায় দু’টি এক্সকাভেটর মোতায়েন করে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রায়ের শেষ অংশ পাঠের পর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে রায় ঘোষণা করবে।


