ভেতরের খবর নিউজ ডেক্স: এশিয়ান কাপ বাছাইপর্বে এক যুগান্তকারী ম্যাচে ২২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ১–০ গোলে হারিয়েছে লাল–সবুজের ফুটবলাররা।
ম্যাচের একমাত্র গোলটি করেন তরুণ সেনসেশন শেখ মোরসালিন। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতীয় রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে বাংলাদেশ। মধ্যমাঠে হামজা চৌধুরীর নেতৃত্ব ও শমিত সোমের সৃজনশীলতার ওপর ভর করে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে স্বাগতিকরা।
২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষ জয়ের পর টানা ২২ বছর জয়শূন্য ছিল বাংলাদেশ। অবশেষে মোরসালিন–হামজাদের দুর্দান্ত পারফরম্যান্সে সেই আক্ষেপ ঘুচল জাতীয় দলের।
এই জয়ের ফলে বাছাইপর্বে নিজেদের সম্ভাবনা নতুন করে জাগিয়ে তুলেছে বাংলাদেশ দল। সমর্থকদের প্রত্যাশা, এই জয় হবে ভবিষ্যতের সাফল্যের নতুন সূচনা।


