ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। বিষয়টি রোববার নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি জানান, শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল ঘোষণা দিয়েছিলেন—দোষী সাব্যস্ত হওয়ায় ভারত সরকারের “বাড়তি দায়িত্ব” রয়েছে দুইজনকে ফেরত দেওয়ার বিষয়ে। রায়ের তিন দিন পরও তিনি একই অবস্থান জানান সাংবাদিকদের কাছে।
১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই–আগস্টের গণহত্যার দায়ে হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দেয়। ওইদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও জানায়—মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া কোনো দেশের পক্ষেই “অবন্ধুসুলভ আচরণ” হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়—দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে দণ্ডপ্রাপ্তদের ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তবে এর আগেও ঢাকা একাধিকবার প্রত্যর্পণের অনুরোধ জানালেও দিল্লির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
গত বছর ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর থেকেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।


