বিএনপি খুলনার কয়রা ও পাইকগাছাসহ দেশের বিভিন্ন জেলার মোট ২০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। রোববার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহার পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন খুলনার কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল আমিন বাবুল এবং পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগে গত বছর দুজনকে বিভিন্ন সময়ে বহিষ্কার করা হয়েছিল। বহিষ্কারের পর তাঁদের অনুসারীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন।
খুলনা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, পাবনা, ফরিদপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, কুমিল্লা ও চাঁপাইনবাবগঞ্জের আরও ১৮ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে রয়েছেন
সরাইল উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল জব্বার, সাবেক ছাত্রদল নেতা স্বপন মিয়া ও এম রিফাত বিন জিয়া, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি, জেলা বিএনপির নারীবিষয়ক সম্পাদক নাছিমা আক্তার (বকুল), পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুলসহ আরও কয়েকজন।
এ ছাড়া সুজানগর, ফরিদপুর, টাঙ্গাইল, রৌমারী, হাতীবান্ধা, বোদা, হোমনা ও গোমস্তাপুর উপজেলার বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে পূর্বে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্তও প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা বিএনপি নেতা খন্দকার আবু সালে ইব্রাহিম গত বছর স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। তাঁর পদত্যাগপত্র পুনর্বিবেচনা শেষে বাতিল করা হয়েছে।
@ইয়াসমিন রিমা


