ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যে ১ লাখ ৫৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী।
এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৯১ জন এবং নারী ভোটার ১৭ হাজার ৫৭০ জন। দেশভিত্তিক নিবন্ধনে সৌদি আরব শীর্ষে রয়েছে—২১ হাজার ৫১৬ জন। এরপর যুক্তরাষ্ট্রে ১৮ হাজার ৬৭৩ জন, সিঙ্গাপুরে ৯ হাজার ৮৩৯ জন এবং দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৪২০ জন ভোটার নিবন্ধন করেছেন। যুক্তরাজ্য (৮,৯৬৭), কানাডা (৮,৮৯৪), মালয়েশিয়া (৭,৭৪২), অস্ট্রেলিয়া (৭,৬৩৮), জাপান (৬,৮৫১) এবং সংযুক্ত আরব আমিরাত (৬,৩৯৪) থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন।
নির্বাচন কমিশন (ইসি) প্রবাসীদের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত করেছে। এ বিষয়ে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “প্রবাসীদের অনুরোধে সময় ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করা যাচ্ছে।”
তিনি আরও জানান, নির্বাচনপ্রক্রিয়ায় যুক্ত সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ এলাকায় অনুপস্থিত সরকারি চাকরিজীবীদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হবে। তফসিল ঘোষণার পর টানা ১৫ দিন চলবে এই নিবন্ধন প্রক্রিয়া।
প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সাড়া ভবিষ্যৎ নির্বাচনে তাদের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
@ইয়াসমিন রিমা


