ভেতরের খবর নিউজ ডেস্ক: মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ না হওয়া পর্যন্ত বিএনপি–জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের সঙ্গে আসন সমঝোতার সুযোগ রয়েছে বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যদিও বিএনপি ইতিমধ্যে ৩০০ আসনের মধ্যে ২৭২টিতে প্রার্থী ঘোষণা করেছে। যার মধ্যে এনসিপির শীর্ষ নেতাদের সম্ভাব্য নির্বাচনী আসনও রয়েছে, তবুও এনসিপির নেতারা মনে করছেন, শেষ মুহূর্তে সমঝোতার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন জানিয়েছেন, দলটি এককভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি জোট ও আসন সমঝোতার আলোচনাও চালিয়ে যাচ্ছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নিজ নিজ আসনে দলীয় মনোনয়ন নিয়েছেন।
জামায়াতের সঙ্গেও সমঝোতার সম্ভাবনা রয়েছে। এনসিপির একাংশ আগে থেকেই জামায়াতের সঙ্গে জোটের পক্ষে; এ বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা এখনও চলমান।
এদিকে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং গণ অধিকার পরিষদকে নিয়ে একটি নতুন জোট গঠনের উদ্যোগ নিলেও মতভেদের কারণে সেটি প্রথম পর্যায়েই থেমে গেছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানিয়েছেন, আগামী দু–তিন দিনের মধ্যে ৩০০ আসনে দলটির প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের আগপর্যন্ত অন্যান্য দলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা খোলা রাখছে এনসিপি।
@ইয়াসমিন রিমা


