ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকাসক্ত ভাতিজা ও চাচাতো ভাইয়ের নির্যাতনে প্রায় ১৫ দিন নিজ বাড়িতে গৃহবন্দী ছিলেন এক বৃদ্ধ দম্পতি। উপজেলার ১নং জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামের আলহাজ্ব মোসলেম উদ্দিন (৭০) ও তার স্ত্রী খাদিজা বেগমের (৬৫) ওপর এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এখনও আতঙ্কে তাদের নিজ ঘরেই অবস্থান করছেন দু’জন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর সকালে একা পেয়ে মাদকাসক্ত দুই ভাতিজা তৌকির ও তারেক এবং চাচাতো ভাই ফিরোজ বৃদ্ধ মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে লাঠিপেটা করে। স্ত্রী খাদিজা বেগম তাকে উদ্ধার করতে গেলে তাকেও মারধর করা হয়। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহায়তায় তারা প্রাণে রক্ষা পান।
ঘটনার পর থেকে হামলাকারীরা লাগাতার প্রাণনাশের হুমকি দিতে থাকায় দম্পতি বাড়ির বাইরে বের হতে পারেননি। এমনকি অসুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসার জন্যও ঘর থেকে বের হননি।
২৪ নভেম্বর বৃদ্ধ দম্পতির জামাতা, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর এক কর্মকর্তা, বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাটি নজরে আনার পর সাংবাদিকদের সহযোগিতায় দম্পতি অবশেষে বাইরে বের হতে সক্ষম হন। এ ঘটনায় দম্পতির একমাত্র ছেলে মাসুম আহমেদও থানায় আলাদা একটি অভিযোগ দাখিল করেছেন।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা সিনিয়র সিটিজেন হিসেবে সকল প্রকার আইনি সহায়তা পাবেন।”
স্থানীয়রা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


