বিজয়ী হলে জাতীয় সরকার গঠনের ঘোষণা জামায়াত আমিরের, শর্ত দুর্নীতিমুক্ত রাজনীতি

ভেতরের খবর নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তবে এ ক্ষেত্রে দুটি শর্ত মানতে হবে বলে জানান তিনি দুর্নীতিমুক্ত রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ না করা।

বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণ সরকার ব্যবস্থায় পরিবর্তন চায় এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ কোনো ধর্মের মানুষের ওপর দমন-পীড়ন চলবে না এবং সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র হলেও দেশটির আশ্রয়ে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া উচিত।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এ বিষয়ে কাজ করছেন। প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধনের পাশাপাশি নির্বাচনকালে দেশে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *