ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের পালক্কাদ জেলায় বাংলাদেশি নাগরিক সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পরিযায়ী শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
নিহত শ্রমিকের নাম রামনামায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার করহি গ্রামের বাসিন্দা। গত ১৩ ডিসেম্বর কাজের সন্ধানে কেরালায় এসে পালক্কাদের একটি নির্মাণাধীন স্থাপনায় দিনমজুর হিসেবে কাজ শুরু করেন তিনি।
নিহতের আত্মীয় কিষাণ বাঘেল জানান, দূর সম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে কেরালায় যান রামনামায়ণ। তিনি অত্যন্ত দরিদ্র ছিলেন এবং তার পরিবারে স্ত্রী ললিতা ও আট ও নয় বছর বয়সী দুই সন্তান রয়েছে। ঘটনার খবর পেয়ে শুক্রবার তার স্ত্রী পালক্কাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
স্থানীয় সূত্র ও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এলাকায় একটি চুরির ঘটনার পর রামনামায়ণকে প্রথমে চোর এবং পরে বাংলাদেশি নাগরিক সন্দেহ করা হয়। অভিযোগ রয়েছে, একদল উগ্র হিন্দুত্ববাদী তাকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ নিরাপত্তা জোরদার করে। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পালক্কাদের ওয়ায়ালার থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আধার কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ছত্তিশগড়ের শক্তি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ময়নাতদন্তসহ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।
ঘটনার সঠিক কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


