ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শপথগ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ উল্লেখ থাকলেও এটি বুধবার প্রকাশ করা হয় বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
বর্তমান প্রধান বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর ৬৭ বছর পূর্ণ করবেন। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর হওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসেবে তিনি ২০২৮ সালের ১৮ মে অবসরে যাবেন। তাঁর পিতা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী এবং মাতা বেগম সিতারা চৌধুরী।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন। ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালে অতিরিক্ত বিচারক, ২০০৫ সালে স্থায়ী বিচারক এবং ২০২৪ সালের ১৩ আগস্ট আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
@ইয়াসমিন রিমা

