ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বিগত দিনে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা দল ও জোটের নেতাদের প্রতি সম্মান জানিয়ে জাতীয় সংসদের আরও সাতটি আসনে নিজ দলের প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এসব আসনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রার্থীদের সমর্থন দেবে দলটি।
বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে নির্বাচন করবেন এবং একই সঙ্গে তিনি বিএনপিতে যোগ দেবেন। ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান প্রার্থী হবেন।
এ ছাড়া নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না বলে জানান মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করবেন। তিনি ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি রাজনৈতিক দল ও জোট যুক্ত ছিল। গত অক্টোবরে এসব দল ও জোট সম্মিলিতভাবে ২২২টি আসনের দাবি তোলে।
তিনি জানান, এর মধ্যে এলডিপি ৪০টি, ১২ দলীয় জোট ২১টি, গণফোরাম ১৫টি, জাতীয়তাবাদী সমমনা জোট ৯টি, বিজেপি ৫টি, বাংলাদেশ লেবার পার্টি ৬টি এবং এনডিএম ১০টি আসনের দাবি জানায়। তবে এ পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতার ঘোষণা দিয়েছে।
মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।


