ভেতরের খবর নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে আরও এক কন্যার মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান কলেজপড়ুয়া সালমা আক্তার ওরফে স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় তার সাত বছর বয়সী বোন আয়েশা আক্তারের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের ল্যাভেন্ডার ইউনিটের প্রধান অধ্যাপক মোহাম্মদ রবিউল করিম খান সালমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে সালমার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সালমা আক্তার লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। চলতি মাসের ৫ ডিসেম্বর তার বিয়ে হয়। তার স্বামী ওমানপ্রবাসী বলে পরিবার সূত্রে জানা গেছে।নিহতদের বাবা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক। গত শুক্রবার গভীর রাতে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলাল হোসেনের দাবি, ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
ঘটনার দিনই আগুনে পুড়ে মারা যায় সাত বছরের আয়েশা। এ ছাড়া বেলাল হোসেন নিজে এবং তার দুই মেয়ে বীথি আক্তার (১৪) ও সালমা আক্তার দগ্ধ হন। বীথি চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও সালমা ও আয়েশার অবস্থা গুরুতর ছিল।
এ ঘটনায় সারা দেশে নিন্দা ও প্রতিবাদ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া হয়। তবে পুলিশ শুরুতে নাশকতার কোনো ‘বিশ্বাসযোগ্য’ আলামত পায়নি বলে দাবি করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি তালা উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের চার দিন পর মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন বেলাল হোসেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


