ভেতরের খবর নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। পরিস্থিতি ‘খারাপ করা হলে’ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করতে বাধ্য হওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চ। বিকেলে সেখানে আয়োজিত সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। টানা অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ হাদি হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। তিনি বলেন, “আমাদের আর ঘরে ফিরে যাওয়ার সুযোগ নেই। আজ শাহবাগ অবরোধ করেছি, আগামীকালও চলবে। সারা বাংলাদেশ থেকে মানুষ আসছে।”
হাদির ভাই শরিফ ওমর বিন হাদি কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, সরকারের আচরণে বিচার নিয়ে আন্তরিকতার অভাব স্পষ্ট। তাঁর ভাষায়, “ওসমান হাদির বিচারের দাবি এখন ১৮ কোটি মানুষের দাবি। বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমাদের বাধ্য করবেন না ক্যান্টনমেন্ট বা যমুনা ঘেরাও করতে।”
এদিকে বিকেলে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানায়।
উল্লেখ্য, ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ। তিনি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে তাঁকে গুলি করা হলে পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর জানাজায় মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষ অংশ নেন এবং পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হয়।
হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে আসছে। শুক্রবারের অবরোধে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে শাহবাগ মুখর করে তোলেন।
@ইয়াসমিন রিমা


