ভেতরের খবর নিউজ ডেস্ক: দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর আজ শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে দুপুরের দিকে তাঁর পৌঁছানোর কথা রয়েছে।
নির্বাচন কমিশনে গিয়ে তিনি ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করবেন। ইসি সূত্র জানিয়েছে, তারেক রহমানের ভোটার হওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই। ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী, কমিশন যেকোনো যোগ্য ব্যক্তিকে যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে, ফলে এ বিষয়ে কোনো আইনি জটিলতা দেখছে না কমিশন।
নির্বাচন কমিশনে যাওয়ার আগে দিনভর কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি পঙ্গু হাসপাতালে গিয়ে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তাঁদের সঙ্গে সময় কাটাবেন।
গত বৃহস্পতিবার সপরিবার দেশে ফেরার পর থেকেই রাজনৈতিক ও মানবিক নানা কর্মসূচিতে সক্রিয় রয়েছেন তারেক রহমান। উল্লেখ্য, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় লন্ডনে অবস্থানের পর তিনি ২৫ ডিসেম্বর দুপুর পৌনে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক বিশাল সংবর্ধনা সভায় যোগ দেন।
পরবর্তীতে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বর্তমানে তিনি গুলশানের বাসভবনে অবস্থান করছেন এবং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছেন।
তারেক রহমানের দেশে ফেরার পর বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আজ নির্বাচন কমিশনে তাঁর আগমনকে কেন্দ্র করে আগারগাঁও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন সাধারণ নাগরিকের মতোই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তারেক রহমান তাঁর ভোটাধিকার নিশ্চিত করতে যাচ্ছেন।
@ইয়াসমিন রিমা


