চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই সাংবাদিকদের ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এমনটা বলার সুযোগ নেই। বরং তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমান্বয়ে অবনতি ঘটে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রথমে তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসক আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ চিকিৎসা কার্যক্রমে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে গত বৃহস্পতিবার তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে যান। শনিবারও তিনি দিনভর কর্মসূচি শেষে পুনরায় হাসপাতালে গিয়ে প্রায় দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করেন এবং রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ত্যাগ করেন।
চিকিৎসকদের তথ্যমতে, খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন। নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় আপাতত দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।


