ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সদ্য বিদায়ী ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক থেকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, শপথ গ্রহণের তারিখ থেকেই এই নিয়োগ কার্যকর হবে। প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।
@ইয়াসমিন রিমা

