ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছেন। তাঁদের পালাতে সহযোগিতার অভিযোগে ভারতের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।
রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, হাদির হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর সিএনজিচালিত অটোরিকশায় ঢাকার আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুর হয়ে ময়মনসিংহ সীমান্তে পৌঁছান। ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পার হতে তাঁদের সহায়তা করেন ফিলিপ পাল ও সঞ্জয় নামের দুই ব্যক্তি।
ডিএমপির তথ্য অনুযায়ী, ফিলিপ পাল ফয়সাল ও আলমগীরকে ভারতের মেঘালয় রাজ্যের তুরা এলাকায় নিয়ে যান। সেখানে তাঁদের পূর্তি নামের এক ভারতীয় নাগরিকের কাছে হস্তান্তর করা হয়। পরে সামী নামের আরেক ব্যক্তির গাড়িতে করে তাঁরা সেখান থেকে পালিয়ে যান। এ ঘটনায় পূর্তি ও সামীকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাদি হত্যা মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া চারজন সাক্ষীও আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানায় ডিএমপি।
এ সময় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘এই হত্যাকাণ্ডের নেপথ্যের অনেককেই শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে সব নাম প্রকাশ করা যাচ্ছে না। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে এটিকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।’
উল্লেখ্য, শহীদ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় তাঁকে গুলি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান। গত রোববার মানিক মিয়া অ্যাভিনিউতে তাঁর জানাজায় লাখো মানুষ অংশ নেন। পরে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে দাফন করা হয়।
এদিকে হাদি হত্যার বিচার দাবিতে আজ বেলা দুইটা থেকে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। ডিএমপির সংবাদ সম্মেলনের পর কর্মসূচির সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
@ইয়াসমিন রিমা


