ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তাকে দলটির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজে প্রার্থী হবেন না।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, “আজ এনসিপির জন্য একটি ঐতিহাসিক দিন। আসিফ মাহমুদ আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিয়েছেন। তিনি দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবেও কাজ করবেন। তবে তিনি এবারের নির্বাচনে অংশ নেবেন না।”
সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে সদ্য এনসিপিতে যোগ দেওয়া আসিফ মাহমুদ বলেন, “জুলাই অভ্যুত্থানের শহিদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই আমি এনসিপিতে যোগ দিয়েছি। আমি নিজে সংসদে যাওয়ার চেয়ে আমাদের বহু সহযোদ্ধার সংসদে যাওয়ার পথে ভূমিকা রাখতে চাই—এটাই আমার কাছে বড় সাফল্য।”
এ সময় তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনের শুরুতে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি আসিফ মাহমুদকে দলে স্বাগত জানিয়ে বলেন, “আজ থেকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিচ্ছি। এই দায়িত্ব এখন আসিফ মাহমুদ পালন করবেন।”
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে সারাদেশে ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে জোটের সঙ্গে আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


