শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

ভেতরের খবর নিউজ ডেস্ক: শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। সোমবার বেলা সোয়া ২টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে শাহবাগ মোড়সহ আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই বিক্ষোভকারীরা শাহবাগ এলাকায় জড়ো হতে শুরু করেন। প্রথমে মোড়ের পাশের সড়কে অবস্থান নিয়ে তাঁরা বিভিন্ন স্লোগান দেন। পরে সোয়া ২টার দিকে পুরো শাহবাগ মোড় অবরোধ করে দেন আন্দোলনকারীরা।
গত শুক্রবার দুপুর থেকে ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটি।
রোববার রাত ১০টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে খুনি ও খুনের সঙ্গে জড়িত পুরো চক্রের ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা, এবং সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।
সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারপাশে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা নিয়মিত হাদি হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছেন। অনেকের মাথা ও হাতে বাঁধা জাতীয় পতাকা। কর্মসূচিতে কবিতা আবৃত্তি ও হাদিকে নিয়ে রচিত গান পরিবেশনও করা হচ্ছে।
এ সময় ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আপস না বিপ্লব’, ‘যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ ইনসাফ’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শাহবাগ এলাকা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *