ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে ড. ইউনূস দেশবাসীকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন অবস্থা থেকে মুক্তির পথ দেখিয়েছে এবং জনগণকে প্রেরণা জুগিয়েছে।
ড. ইউনূস আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার দিন এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে। তিনি নামাজে জানাজাসহ সব ধরনের শোক পালনকালে শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য সবার প্রতি বিনীত আহ্বান জানান।
@ইয়াসমিন রিমা


