ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য সৈয়দা নীলিমা দোলা। শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তিনি পদত্যাগপত্রের কপিও প্রকাশ করেন।
পদত্যাগপত্রে সৈয়দা নীলিমা দোলা জানান, এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন। তাঁর মতে, বর্তমান বাস্তবতায় দলটির পক্ষে আর মধ্যপন্থী রাজনীতির নতুন পথ তৈরি করা সম্ভব নয়। তিনি বলেন, এনসিপিতে যুক্ত হয়েছিলেন এই বিশ্বাস থেকে যে, জুলাই পরবর্তী সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্য নিয়ে দলটি কাজ করবে। কিন্তু সাম্প্রতিক সিদ্ধান্তগুলো স্পষ্ট করেছে এনসিপি ধীরে ধীরে সম্পূর্ণ ডানপন্থী ঘরানার রাজনীতির দিকে ঝুঁকে পড়েছে।
জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনকেন্দ্রিক জোট নিয়ে তীব্র সমালোচনা করে তিনি লেখেন, এটি কোনো কৌশলগত জোট নয়। যদি তা-ই হতো, তাহলে একের পর এক নেতাকর্মীর পদত্যাগের ঘটনা ঘটত না। তাঁর অভিযোগ, নেতাকর্মীদের চোখে ধুলা দিয়ে এই জোট করা হয়েছে এবং মনোনয়ন দেওয়ার নামে তীব্র প্রতারণা করা হয়েছে।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, অনেকেই প্রশ্ন তুলতে পারেন ক্ষমতা ও গুরুত্ব পাওয়ার পরও কেন তিনি দল ছাড়লেন। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, তাঁকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি, বরং তাঁর প্রগতিশীল মানসিকতা ও ব্যক্তিগত ক্যারিয়ারের পরিচয়ই এতদিন এনসিপিকে শক্তি জুগিয়েছে।
পদত্যাগকারীদের ‘বামপন্থী’ হিসেবে ফ্রেমিং করাকে একটি পরিকল্পিত কৌশল বলেও মন্তব্য করেন সৈয়দা নীলিমা দোলা। তাঁর ভাষায়, এতে জামায়াতের কাছে দলকে বিক্রি করা সহজ হয়। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, তাহলে কি দলে থেকে যাওয়া সবাই ডানপন্থী? এনসিপি কি তবে আর সেন্ট্রিস্ট দল নয়?
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের পর থেকেই এনসিপির একাধিক নেত্রী দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ সেই তালিকায় যুক্ত হলেন ফরিদপুর জেলা মহিলা লীগের সভাপতির কন্যা সৈয়দা নীলিমা দোলা।
@ইয়াসমিন রিমা