ভেতরের খবর নিউজ ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস–এর সম্পাদকীয় বোর্ড। এক সম্পাদকীয়তে তারা বলেছে, ট্রাম্পের এই হামলা যুক্তরাষ্ট্রের সংবিধান ও আন্তর্জাতিক আইন—উভয়েরই স্পষ্ট লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী অস্থিরতা বাড়ানোর ঝুঁকি তৈরি করছে।
সম্পাদকীয়তে বলা হয়, কয়েক মাস ধরে ক্যারিবীয় অঞ্চলে বিপুল সামরিক শক্তি মোতায়েনের পর ট্রাম্প প্রশাসন ‘বৃহৎ পরিসরের হামলা’ চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে। এই অভিযানে বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং প্রায় ১৫ হাজার মার্কিন সেনা ব্যবহার করা হয়েছে।
নিউইয়র্ক টাইমস স্বীকার করেছে, নিকোলা মাদুরো একজন গণতন্ত্রবিরোধী ও নিপীড়ক শাসক এবং তাঁর শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। তবে সম্পাদকীয় বোর্ডের মতে, ইতিহাস প্রমাণ করে—অন্য দেশের সরকার উৎখাতের চেষ্টা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। আফগানিস্তান, ইরাক ও লিবিয়ার উদাহরণ টেনে বলা হয়েছে, এমন হস্তক্ষেপ দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে না।
সম্পাদকীয়তে জোর দিয়ে বলা হয়, সংবিধান অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক আগ্রাসনের অধিকার মার্কিন প্রেসিডেন্টের নেই। ভেনেজুয়েলার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন এমন কোনো আইনি অনুমোদন নেয়নি। ফলে এই অভিযান সরাসরি যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘন করেছে।
আন্তর্জাতিক আইনের দিক থেকেও এ হামলাকে গুরুতর অপরাধ বলে উল্লেখ করেছে সম্পাদকীয় বোর্ড। সন্দেহের ভিত্তিতে নিরস্ত্র মানুষকে হত্যা করা ১৯৪৯ সালের জেনেভা কনভেনশন ও মানবাধিকার চুক্তির পরিপন্থী। এক ঘটনায় হামলার পর জীবিত নাবিকদের ওপর পুনরায় আঘাত হানার ঘটনাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমস আরও বলেছে, ট্রাম্প প্রশাসনের দেওয়া ‘মাদক-সন্ত্রাসবাদ’ দমনের যুক্তি বিশ্বাসযোগ্য নয়। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের মাদক সংকটের প্রধান উৎস নয় বলেও সম্পাদকীয়তে উল্লেখ করা হয়েছে।
সম্পাদকীয় বোর্ডের মতে, ট্রাম্পের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে লাতিন আমেরিকায় আধিপত্য বিস্তারের যে ঘোষণা দেওয়া হয়েছে, ভেনেজুয়েলায় হামলা তারই প্রতিফলন। এটি নতুন ধরনের সাম্রাজ্যবাদী নীতির ইঙ্গিত দিচ্ছে, যা চীন ও রাশিয়ার মতো দেশগুলোকেও আগ্রাসনের অজুহাত দিতে পারে।
শেষ পর্যন্ত সম্পাদকীয়তে সতর্ক করে বলা হয়, ট্রাম্পের এই ‘যুদ্ধোন্মাদ দুঃসাহসিকতা’ ভেনেজুয়েলাবাসীর দুর্ভোগ বাড়াবে, লাতিন আমেরিকায় অস্থিরতা সৃষ্টি করবে এবং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্বার্থের মারাত্মক ক্ষতি করবে।
ট্রাম্পের এই সামরিক পদক্ষেপ শুধু রাজনৈতিকভাবে নয়, আইনগতভাবেও অবৈধ—এবং এটি গণতন্ত্র ও আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত।