ভেতরের খবর নিউজ ডেস্ক: নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভ আবারও প্রকাশ্যে আনলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরকে পাঠানো এক বার্তায় তিনি বলেন, নোবেল না দেওয়ার সিদ্ধান্তের পর তিনি আর ‘শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য’ নন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ওই বার্তায় দাবি করেন—তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন, কিন্তু তা সত্ত্বেও নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি। এ কারণে তিনি শান্তির প্রশ্নে আগের অবস্থানে নিজেকে আর বাধ্য মনে করেন না বলে উল্লেখ করেন।
বার্তাটির সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি এবং নরওয়ের প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি স্বীকার করেছেন। তবে স্টোর লিখিত প্রতিক্রিয়ায় স্পষ্ট করে বলেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ের সরকার নয়, একটি স্বাধীন নোবেল কমিটি প্রদান করে। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে আগেও জানানো হয়েছে বলে জানান তিনি।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ‘আটটি যুদ্ধ বন্ধ’ করার দাবি বিতর্কিত। কিছু সংঘাত ছিল স্বল্পস্থায়ী হলেও গাজা ও কঙ্গোসহ কয়েকটি অঞ্চলে এখনও সহিংসতা চলমান।
প্রসঙ্গত, ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে আসছেন। সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো তার প্রাপ্ত নোবেল শান্তি পুরস্কারের মেডেল ট্রাম্পকে উপহার দেন, যা নতুন করে বিতর্ক সৃষ্টি করে। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট জানিয়ে দিয়েছে, নোবেল পুরস্কার হস্তান্তর বা ভাগ করার কোনো সুযোগ নেই—পুরস্কার প্রাপকের কাছেই তা আইনগতভাবে সীমাবদ্ধ থাকে।
ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং তার পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও প্রশ্ন তুলেছে বিশ্লেষক মহল।