ভেতরের খবর নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেলা কান্দি এলাকায় যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তির নাম মো. বাসির আহমেদ। অভিযানে আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভেলা কান্দি এলাকায় মাদক লেনদেন চলছিল। এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে বাসির আহমেদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, অবৈধ মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। অপরাধ দমনে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
@ইয়াসমিন রিমা