ভেতরের খবর নিউজ ডেস্ক: নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন, এই প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রেস সচিব বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর দ্রুত সময়ের মধ্যেই নির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং নতুন সরকারের গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি জানান, যদি তিন দিনের মধ্যেই সংসদ সদস্যরা শপথ নিতে পারেন, তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে আহ্বান জানানো হবে। সে ক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্পন্ন হতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে আগেও প্রধান উপদেষ্টা দিকনির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে, সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ করানোর বিষয়ে সম্ভাব্য দুটি বিকল্পের কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি যেমন প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন। আরেকটি বিকল্প হলো প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। তবে দ্বিতীয় ক্ষেত্রে তিন দিন অপেক্ষার বিষয়টি রয়েছে, যা সরকার এড়িয়ে যেতে চায়।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন-পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরই এখন প্রধান লক্ষ্য।
@ইয়াসমিন রিমা