আশুলিয়ায় জীবিতসহ ৬ লাশ পোড়ানো মামলা সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড

ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার আশুলিয়ায় জীবিত একজনসহ ছয়জনের মরদেহ পুড়িয়ে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই রায়ে সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামিকে ক্ষমা করেছে আদালত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। দুপুর ১২টা ৪০ মিনিটে রায় পাঠ শুরু হয় এবং তা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
মামলার ১৬ আসামির মধ্যে আটজনকে এদিন আদালতে হাজির করা হয়। হাজির আসামিদের মধ্যে ছিলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, মো. শাহিদুল ইসলাম, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, এসআই শেখ আবজালুল হক ও কনস্টেবল মুকুল।
অন্যদিকে পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক এসপি মো. আসাদুজ্জামান রিপন, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, পরিদর্শক মাসুদুর রহমান, নির্মল কুমার দাস, এএসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া।
মামলায় গত বছরের ১৫ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি শেষ হয়। মোট ২২ কার্যদিবসে তদন্ত কর্মকর্তা জানে আলম খানসহ ২৪ জন সাক্ষ্য দেন। পরে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২০ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
এই ঘটনায় নিহতরা হলেন সাজ্জাদ হোসেন সজল, আস সাবুর, তানজিল মাহমুদ সুজয়, বায়োজিদ বোস্তামী, আবুল হোসেন, ওমর ফারুক ও মোহাম্মদ শাহাবুল ইসলাম। পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি তৃতীয় রায়।
এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনেও রদবদল আনা হয়েছে। কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ নুরুল আমীন কিরণকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। পঞ্চগড়ের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ শরিফুর রহমান হয়েছেন রেজিস্ট্রার (বিচার)। বর্তমান রেজিস্ট্রার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বদলি করা হয়েছে। এছাড়া রেজিস্ট্রার (বিচার) শরীফুল আলম ভূঁঞাকে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে স্থানান্তর করা হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *