ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থীতা ঘিরে নতুন আইনি জটিলতা তৈরি হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ নাহিদ ইসলামের নাগরিকত্ব ইস্যুতে হাইকোর্টে রিট দায়ের করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দায়ের করা এ রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এবং প্রার্থী মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে। আবেদনে দাবি করা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডমিনিকা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা তাঁর প্রার্থীতা নিয়ে আইনগত প্রশ্ন তৈরি করে।
বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
যে আসনটি নিয়ে এই আইনি পদক্ষেপ, সেটি রাজধানীর অভিজাত গুলশান এলাকা ও সবুজবাগের অংশ নিয়ে গঠিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে এ সংসদীয় আসন গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৭৭ জন, নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক রাজনৈতিক দলের প্রার্থী। তারা হলেন বিএনপির এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।
রিটের শুনানির পর আদালতের আদেশের দিকে তাকিয়ে আছেন সংশ্লিষ্ট প্রার্থী ও ভোটাররা। এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
@ইয়াসমিন রিমা