ভেতরের খবর নিউজ ডেস্ক: পারিবারিক হতাশার জেরে লক্ষ্মীপুরের উত্তর চরবংশী ইউনিয়নে এক বিএনপি নেতার আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহত ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।” ধারণা করা হচ্ছে, ওই রাতের যেকোনো সময়ে তিনি আত্মহত্যা করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত একটি ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন চলছিল। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও হয়। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানান, কয়েকদিন ধরে ইউসুফের আচরণ ছিল অসংলগ্ন। সোমবার রাতে তিনি একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন এবং পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনাটি ঘটান।
এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ি–এর পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
@ইয়াসমিন রিমা


