ভেতরের খবর নিউজ ডেস্ক: শিক্ষা খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও আগের সফলতার ধারাবাহিকতায় দেশের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন মন্ত্রিসভায় তাকে একযোগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মিডিয়া সেলের প্রকাশিত তালিকাতেও তার নামের পাশে শিক্ষার দুই মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর আগে একই দিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন ড. মিলন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু নসর আশরাফী পান ৬৭ হাজার ৭৭ ভোট। আসনের ১১০টি ভোটকেন্দ্রের সবগুলোর ফলই ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
@ইয়াসমিন রিমা