ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকনের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব পোস্টার সাঁটানো হয়। পোস্টারে মো. খোকনকে গাঁজার ডিলার উল্লেখ করে বলা হয়, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। নির্বাচিত হলে বিনামূল্যে গাঁজা ও ইয়াবা সরবরাহের পাশাপাশি বেকারদের গাঁজা ভাতা মাদকসেবীদের বিশেষ কার্ড এবং স্কুল-কলেজের সামনে বিনামূল্যে মাদক দেওয়ার মতো নানা ব্যঙ্গাত্মক স্লোগানও এতে লেখা হয়।
পোস্টারে থানা-পুলিশ আমার ভাই এবং উন্নয়নের আগে চাঁদা আদায়ের মতো বক্তব্যও রয়েছে। পরে পোস্টারগুলোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়।
তবে পোস্টারে নিজের নাম ও ছবি ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন মো. খোকন। তার দাবি, তাকে হেয় করতে ইউনিয়ন জামায়াতের লোকজন ষড়যন্ত্র করে এসব পোস্টার লাগিয়েছে। কয়েক দিন আগে ইউনিয়ন জামায়াতের আমীর হাসেমের ছেলে তার ছেলেকে চড় মারার ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। বিষয়টি জানার পরই তাকে হেয় করতে পোস্টারগুলো লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি।
খোকন জানান, পোস্টার লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তিনি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। জড়িতদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
@ইয়াসমিন রিমা