ভেতরের খবর নিউজ ডেস্ক: রাতে কিশোরদের অযাচিত ঘোরাঘুরি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এখন থেকে রাতে রাস্তায় ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কোনো সাংবিধানিক সহিংসতা (কনস্টিটিউশনাল ভায়োলেন্স) হলে বিষয়টি সরকার পরে পর্যালোচনা করবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কচুয়া উপজেলায় নিজ নির্বাচনী এলাকায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় শিক্ষামন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, দুর্নীতিমুক্ত থাকতে না পারলে সংশ্লিষ্টদের অন্যত্র বদলি হয়ে চলে যেতে হবে। তিনি বলেন, “আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না এটাই আমার প্রতিজ্ঞা। যারা এই অবস্থানের সঙ্গে একমত নন, তারা এখানে দায়িত্ব পালন করতে পারবেন না।”
কচুয়াকে সুশাসনের একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কচুয়াসহ সারা দেশে কিশোর গ্যাং দমন ও বাজারে চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়াতে হবে। বাজার ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি, বিশেষ করে সিসি ক্যামেরা স্থাপনের ওপর জোর দেন তিনি।
মতবিনিময় সভায় চাঁদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা


