ভেতরের খবর নিউজ ডেস্ক: মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে সাভারে এসে সকলের কাছে ক্ষমা চেয়েছেন ধসে পড়া রানা প্লাজা–এর মালিক সোহেল রানা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার মাদরাসা মসজিদে জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে নেওয়া হয়।
পুলিশ সূত্র জানায়, প্যারোলে মুক্তি পেয়ে সন্ধ্যা ৬টার দিকে সোহেল রানা সাভারে আসেন। জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, “আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে মাফ করবেন।”
রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, রানার মা মজিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রানাকে জানাজায় আনার অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে সাভার মডেল থানা–এর উপপরিদর্শক (এসআই) মোত্তাছিম বিল্লাহ বলেন, জানাজা শেষে সাড়ে ৭টার দিকে সোহেল রানাকে আবার কাশিমপুর কারাগার–এ নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ভবন ধসে পড়ে শত শত শ্রমিক নিহত হন। ওই ঘটনায় ভবনটির মালিক সোহেল রানাকে ২৮ এপ্রিল পালানোর সময় বেনাপোল সীমান্ত থেকে আটক করা হয়।
@ইয়াসমিন রিমা