ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় পুরস্কার প্রদান প্রক্রিয়াকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে জাতীয় পুরস্কার সংক্রান্ত একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রেল ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এবং শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
কমিটির কার্যক্রমে সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ স্বরাষ্ট্র, অর্থ, তথ্য ও সম্প্রচার, বাণিজ্য, সংস্কৃতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।
প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটির মূল কার্যাবলীর মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে প্রাপ্ত জাতীয় পুরস্কার সংক্রান্ত প্রস্তাব যাচাই-বাছাই করা, বিভিন্ন জাতীয় পুরস্কারের ক্রম নির্ধারণ ও প্রয়োজনে তা পরিবর্তনের সুপারিশ করা এবং নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পরীক্ষা করে সুপারিশ প্রদান।
কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পরিবীক্ষণ করবে এবং সাচিবিক সহায়তাও প্রদান করবে।
@ইয়াসমিন রিমা