ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-সংলগ্ন এলাকা থেকে দুটি বিচ্ছিন্ন হাত এবং পাশের বাংলাদেশ স্কাউটস ভবনের সামনে থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে উদ্ধার হওয়া অঙ্গগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত প্রায় ২টার দিকে স্কাউট ভবনের সামনে থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়। পরে শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়ক থেকে দুটি কাটা হাত পাওয়া যায়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ওবায়দুল্লাহর বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলায়।
উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
@ইয়াসমিন রিমা