ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখননের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
একই সময় দেশের আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে এবং গ্রামীণ এলাকায় নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
এছাড়া নদী-খাল খননের ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে। এতে খরা, বন্যা ও জলাবদ্ধতার মতো সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
@ইয়াসমিন রিমা


