ভেতরের খবর নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান–এর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস–এর দুটি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতল ঢাকা–এ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি লেখেন, সবার দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাস এমপির দুটি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।
গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখেন। এছাড়া জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামি–র আমির শফিকুর রহমান–ও হাসপাতালে গিয়ে তাঁর খোঁজখবর নেন।
@ইয়াসমিন রিমা


