ভেতরের খবর নিউজ ডেস্ক: সদ্য নিয়োগ পাওয়া দেশের পাঁচটি সিটি করপোরেশনের নতুন প্রশাসকেরা প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তাঁরা এই সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পাঁচজন বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে তাঁরা নিজ নিজ সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণ করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সিটি করপোরেশন নির্বাচনের আগ পর্যন্ত এই রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত মেয়রের কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করা হবে।
নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব এবং ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
@ইয়াসমিন রিমা


