ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকার সাভারের ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ইসলামনগর এলাকার একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শারমীন জাহান (২৩) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। ঘটনার পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শারমীনের স্বামী ফাহিম আল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী। ফাহিমের বরাত দিয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, সকালে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে দুপুরে ফিরে এসে বাসার দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান। ভেতরে গিয়ে শারমীনকে রক্তাক্ত ও নিথর অবস্থায় দেখতে পান। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাসার মালিক আব্দুল্লাহ সোহরাওয়ার্দী জানান, বিকেলের দিকে ফাহিমকে ‘চোখ খোলো’ বলে চিৎকার করতে শুনে তিনি ঘরে যান। পরে অ্যাম্বুলেন্সে করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে এবং পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে বাসা থেকে বের করার সময়ই শারমীনের শরীরে কোনো সাড়া ছিল না।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক মিয়া বলেন, বিকেল ৪টা ২২ মিনিটে শারমীন জাহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা মরদেহ নিয়ে যায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি আবদুর রশিদ জিতু বলেন, ছবিতে দেখা গেছে শারমীনের মাথা থেঁতলানো এবং শরীরে আঁচড়ের দাগ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। ঘটনার তদন্তে পুলিশকে সহযোগিতা করা হচ্ছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, ফাহিম আল হাসান দাবি করেছেন তিনি সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। তাঁর বক্তব্য যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
@ইয়াসমিন রিমা


