ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ লঞ্চটি একটি ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি এসে ধাক্কা দেয়। সংঘর্ষে লঞ্চের সামনের অংশের আঘাতে দুই যাত্রী গুরুতরভাবে আহত হন।
আহতদের মধ্যে মো. সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ ঘটনায় সোহেলের শ্বশুর মিরাজ ফকির নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর নিখোঁজ ব্যক্তির সন্ধানে ডুবুরি নামানো হলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম শুরু হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
@ইয়াসমিন রিমা


