ভেতরের খবর নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে ঈদের নামাজ শেষে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে।
এ সময় উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০-১২টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতেও একই দুই পক্ষের মধ্যে টর্চলাইট জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়, যাতে অন্তত ১২ জন আহত হন। ওই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, গ্রামের ইসমাইল মুন্সী (৬৫) ও কামরুল মিয়া (৪৫)-এর নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থেকে শুরু হয়ে তা সংঘর্ষে রূপ নেয়।
হামিরদী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আসাদুজ্জামান জানান, দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল এবং তারা ঘনিষ্ঠ আত্মীয়ও। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়রা ও পুলিশ হস্তক্ষেপ করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ভাঙচুর ও লুটপাটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
@ইয়াসমিন রিমা


