ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ভয়াবহ ট্রেন-বাস দুর্ঘটনায় নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে ১২টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী। একই সঙ্গে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেলসহ নেতারা। পরে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।
জানা গেছে, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে এবং চিকিৎসা কার্যক্রম তদারকিতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর একটি টিম সার্বক্ষণিক কাজ করছে। এ ছাড়া নিহতদের মরদেহ পরিবহন ও আহতদের চিকিৎসা কার্যক্রম সমন্বয়ের জন্য কামরুজ্জামান সোহেলের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে।
মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। তিনি অভিযোগ করেন, ঘটনাস্থলে গেটম্যান বা নাইট গার্ড না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান নেতারা।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি প্রায় আধা কিলোমিটার দূরে ছিটকে যায়। দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।
ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। সকাল ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এ ঘটনায় রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
@ইয়াসমিন রিমা


