ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিনজনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (২২ মার্চ) বিকেলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহত প্রত্যেকের পরিবারকে মরদেহ পরিবহন ও দাফন-কাফনের জন্য ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
এদিন দুপুরে উপজেলা প্রশাসনের একটি প্রতিনিধিদল ফেনী জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে সহায়তার অর্থ তুলে দেয়। ফেনীতে অবস্থানরত দুই পরিবার ইতোমধ্যে সহায়তা পেয়েছে। অপর একটি পরিবার ঢাকায় অবস্থান করায় পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ করে অর্থ প্রদান করা হবে।
এর আগে, শনিবার (২১ মার্চ) ভোরে রামপুর এলাকায় একটি অ্যাম্বুলেন্স গতিরোধক পার হওয়ার সময় ধীরগতিতে চলছিল। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর সড়কে যানজট সৃষ্টি হলে মোটরসাইকেলসহ কয়েকটি যানবাহন আটকা পড়ে। পরে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই জটলার মধ্যে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। নিহতরা হলেন ঢাকার বাংলামোটর এলাকার মো. মোর্শেদ (৪০), ফরিদপুরের সোহাগ মোড়ল (২৬) ও দোয়েল পরিবহনের সুপারভাইজার মো. কাউছার (৩৫)।
মহিপাল হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
@ইয়াসমিন রিমা


