ভেতরের খবর নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান (এম আর হাসান) ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদ অনুযায়ী সোমবার তিনি প্রধান বিচারপতির মাধ্যমে এই পদত্যাগপত্র দাখিল করেন, যা ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী জানান, বিচারপতি রেজাউল হাসান ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করেছেন। নিয়ম অনুযায়ী তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে একটি অভিযোগের বিষয় চলমান ছিল। অভিযোগে তার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের বিষয় তদন্তের দাবি জানানো হয়। এ প্রেক্ষিতে তিনি কাউন্সিলে লিখিত জবাবও দাখিল করেন।
তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখনো তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হয়নি।
বিচারপতি রেজাউল হাসান ১৯৮৫ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। কর্মজীবনে তিনি জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় রায় দিয়ে পরিচিতি লাভ করেন।
@ইয়াসমিন রিমা


