ভেতরের খবর নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ায় বক্তৃতা দিতে গিয়ে মাওলানা মিজানুর রহমান আজহারি-এর বিরুদ্ধে অ্যাডলফ হিটলার-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল। প্রতিবেদনে বলা হয়, ‘বিশ্বাসের উত্তরাধিকার’ সিরিজের অংশ হিসেবে ইস্টার উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে ছিলেন আজহারি। তার সফরসূচিতে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা অন্তর্ভুক্ত ছিল।
জানা গেছে, মঙ্গলবার তার ভিসা বাতিল করা হয় এবং বর্তমানে তিনি দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি বক্তব্যে হিটলারকে ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’ হিসেবে উল্লেখ করেন এবং ইহুদিদের নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করেন।
এদিকে, অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানিয়েছেন, আজহারির আগমন সম্পর্কে বিভিন্ন গোষ্ঠী আগেই সতর্ক করেছিল। তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংসদ সদস্যদের কাছে একাধিক সংগঠন যোগাযোগ করেছিল।
উল্লেখ্য, আজহারির বক্তৃতা সফর সোমবার ব্রিসবেনে শুরু হয় এবং আগামী কয়েকদিনে অন্যান্য শহরে তার কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
@ইয়াসমিন রিমা


