ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযান শুরুর কয়েক মিনিটের মধ্যেই দোকানি ও ব্যবসায়ীরা নিজ উদ্যোগে তাদের মালামাল সরিয়ে নেন।
বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে অভিযান শুরু হলে এলাকাজুড়ে সতর্কতা তৈরি হয়। সরেজমিনে দেখা যায়, অভিযান শুরুর ৫ মিনিটের মধ্যেই ফুটপাত ও সড়কে রাখা দোকানের বর্ধিত অংশ, রান্নার সরঞ্জাম, গ্রিল মেশিন, আসবাবপত্র এবং বিভিন্ন ওয়ার্কশপের যন্ত্রপাতি দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এ সময় ফুটপাতে রাখা কয়েকটি হোটেলের মালামাল জব্দ করা হয়।
অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। নিয়মিত নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনার কারণে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। ফলে অভিযানের উপস্থিতি টের পেয়েই তারা দ্রুত মালামাল সরিয়ে নেন।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, অভিযানে ডিএমপির একজন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। পাশাপাশি ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মো. মিজানুর রহমান ঘটনাস্থলে থেকে কার্যক্রম তদারকি করেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
@ইয়াসমিন রিমা


