ভেতরের খবর নিউজ ডেস্ক: ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে তার জামিন আবেদন শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম জামিনের আবেদন করেন, অপরদিকে বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জাহিদ অন্তুকে জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক তাহমিনা আক্তার জানান, মামলার বাদীও আদালতে উপস্থিত থেকে জামিনের বিরোধিতা করেছেন।
এর আগে, যৌন নিপীড়নের অভিযোগে মঙ্গলবার রাতে ওই ছাত্রী মামলা দায়ের করেন। বুধবার সকালে গুলশান এভিনিউ এলাকা থেকে পুলিশ জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে এবং তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গিটার ক্লাসের সূত্রে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে সম্পর্কের অবনতি ঘটলে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, ২৭ মার্চ সন্ধ্যায় একটি ফটোশুটের কথা বলে জাহিদ তাকে তার বাসায় ডেকে নেন। সেখানে তিনি ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন করেন এবং বাধা দিলে মারধর করেন। এতে ভুক্তভোগীর মুখ, গলা ও মাথায় আঘাত লাগে বলে দাবি করা হয়েছে।
পরবর্তীতে ওই ছাত্রী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
@ইয়াসমিন রিমা


