ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে মাসুদা খাতুন (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগে তাকে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের নৈমুর ইসলামের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে নেওয়া হয়।
জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমালী খাতুন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। এ সময় তার শরীরে র্যাশ দেখা গেছে, যা হামের লক্ষণ হতে পারে। তবে নিশ্চিতভাবে কোন রোগে তার মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি।
@ইয়াসমিন রিমা


