ভেতরের খবর নিউজ ডেস্ক: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রিসভা দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।
ব্যবসায়ীরা দাবি করেন, প্রয়োজনে দোকান খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা করা হলেও বন্ধের সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হোক। তাদের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার বিষয়টি পুনর্মূল্যায়ন করে নতুন সিদ্ধান্ত নেয়।
প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের ভিত্তিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছেন। তবে জরুরি সেবাসমূহ এই সময়সীমার বাইরে থাকবে।
একই সঙ্গে তিনি সবাইকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা গেলে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।
@ইয়াসমিন রিমা


