ভেতরের খবর নিউজ ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এমরান মিয়া (২৫) নামের এক পুলিশ কনস্টেবলের দুই পা বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আত্রাই থানার ওসি আবদুল করিম জানান, আহত এমরান মিয়া বাগেরহাটে কর্মরত ছিলেন। তিনি খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে রাতে আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে শ্বশুরবাড়িতে আসছিলেন।
সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছালে পুরোপুরি থামার আগেই নামার চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক)-এ পাঠানো হয়।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
@ইয়াসমিন রিমা


